ভেড়ামারা প্রতিনিধি, মিলন আলী:কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বর্ষাবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় জুনিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুনিয়াদহ স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন সাংবাদিক মামুন আল-ফারুক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জাহিদ হাসান, মিলন আলী, দিশার ব্রাঞ্চ ম্যানেজার হাসান মাহমুদ পাপ্পু, বিশিষ্ট সমাজ সেবক কামরুল মন্ডল। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান শরীফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
আমিনুল ইসলাম ঝন্টু, সাংবাদিক আবু হাসান, আব্দুল লতিফ লিটন সহ প্রমূখ। বিশেষ দিক নির্দেশনায় ছিলেন, খন্দকার এজাজুল হক এজাজ খন্দকার।
বর্ষার সৌন্দর্য তুলে ধরা ও ফলের গুণাগুণ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে এলাকার বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল প্রদর্শন ও বিতরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠনের এডমিন মামুন আল-ফারুক জানান, “আধুনিকতার ভিড়ে আমরা প্রকৃতি ও ঋতুকে ভুলতে বসেছি। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে বর্ষা ও ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” উৎসবে জুনিয়াদহ ও আশপাশের গ্রামের মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবাই একসাথে ফল খাওয়া ও গানে গানে বর্ষাকে বরণ করেন। আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ-বান্ধব ও সংস্কৃতিমূলক আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।